
১০৭৫টি কেন্দ্রের ফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের শেখ তাপস পেয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৬৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৭ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ১ লাখ ৮০ হাজার ৬৬৮।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জাতীয় শিল্পকলা একাডেমিতে এই ফল ঘোষণা করেন।
এই ১০০৯টি কেন্দ্রে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মো. আবদুর রহমান পেয়েছেন ২৪ হাজার ৭১০ ভোট, মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আবদুস সামাদ সুজন পেয়েছেন ১১ হাজার ৮৮১ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন ৫ হাজার ২৫১ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার পেয়েছেন ২ হাজার ৯৬৩ ভোট এবং ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মেয়রপ্রার্থী মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ পেয়েছেন ২ হাজার ২৭৭ ভোট।
এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ঢাকার দুই সিটিতে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হয়। সকালের দিকে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
ভোটারদের উপস্থিতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ৩০ শতাংশের নিচে ভোট পড়েছে। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে ২৫ শতাংশ ভোট পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



