বিশ্বকাপ জয়ের হাসি এবার ব্রাজিলের মুখেই ফুটবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন সেলেসাওদের সর্বশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। তার মতে, প্রস্তুতিতে কিছু ঘাটতি থাকলেও নতুন কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল মাঠের পারফরম্যান্সে তা পুষিয়ে নিতে পারবে।

ব্রাজিল দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপ শিরোপার বাইরে রয়েছে। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ায় শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা। সেই দলের অধিনায়ক কাফু এবারও নিজ দেশকে নিয়ে আশাবাদী।
তিনি বলেন, এবারের বিশ্বকাপ ৩২ বছর পর আবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে, আর এর আগেও সেই মাটিতেই ব্রাজিল শিরোপা জিতেছিল। তাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
এবারের আসরে ‘হেক্সা’ অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল। প্রথমবারের মতো দেশের বাইরে থেকে কোচ নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ফলে আনচেলত্তির ওপর বড় আস্থা রাখছেন কাফু।
তিনি আরও বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও অন্যতম ফেভারিট। দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং একজন অভিজ্ঞ কোচ আছেন। তার মতে, সামান্য প্রস্তুতির ঘাটতি থাকলেও মাঠের খেলায় ব্রাজিল তা পূরণ করতে সক্ষম হবে।
এদিকে আসন্ন বিশ্বকাপকে ঘিরে আয়োজক যুক্তরাষ্ট্র দলে বড় ধাক্কা লেগেছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন গোলরক্ষক জোনাথন ক্লিন্সম্যান। সাবেক জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের ছেলে জোনাথন ইতালির দ্বিতীয় বিভাগের ক্লাব চেজেনার হয়ে খেলার সময় ঘাড়ের হাড় ভেঙে ফেলেন। ফলে পুরো মৌসুম থেকেই তিনি ছিটকে গেছেন। যদিও তিনি যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করেছেন।
বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে টিকিট ও পরিবহন ব্যয়ের বিষয়েও ব্যাপক আলোচনা চলছে। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের ট্রেন টিকিটের দাম প্রায় ১৩ গুণ বেড়ে ১৫০ ডলারে পৌঁছেছে।
তবে মানবিক উদ্যোগও দেখা গেছে কিছু জায়গায়। ফিলাডেলফিয়া প্রশাসন এবং একটি পৃষ্ঠপোষক সংস্থার সহায়তায় ম্যাচ শেষে দর্শকদের জন্য বিনামূল্যে ট্রেন যাত্রার ব্যবস্থা করা হয়েছে। এই স্টেডিয়ামে ব্রাজিল ও ফ্রান্সের গ্রুপপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে কানসাস সিটি ও ডালাস কর্তৃপক্ষ দর্শকদের জন্য স্বল্পমূল্যে ট্রেন টিকিটের ব্যবস্থা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


