ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বশির মিয়া নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের হিলাল উদ্দিনের ছেলে।
এর আগে শুক্রবার দুপুরে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লম্বা হাটি এলাকার একটি সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আলমগীর মিয়া ও বশির মিয়ার পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া ওই জমি নিজের দখলে দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকলে শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় বশির মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


