জুমবাংলা ডেস্ক : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

Advertisement
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া এলাকায় পদ্মা নদীতে নেমে তারা নিখোঁজ হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো শরীফ বেপারী (১৭) ও মাহফুজা আয়শা (৯)। তারা নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুল হক ব্যাপারীর সন্তান। শরীফ ঢাকার বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও মাহফুজা মদিনানগর দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

আব্দুল হক ব্যাপারী জানান, ১৯৯০ সাল থেকে পরিবার নিয়ে ঢাকার মিরপুর-১১ মদিনানগর এলাকায় বসবাস করেন তিনি। পেশায় তিনি সিএনজি চালক। তার দুই ছেলে এক মেয়ে। ঈদ উদযাপন করতে গত বুধবার তার মেয়ে মাহফুজা ও শনিবার ছেলে শরীফ গ্রামের বাড়ি নওপাড়া আসে।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শরীফ ও মাহফুজা পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে সাঁতার কাটতে কাটতে গভীর পানিতে তলিয়ে যায় শরীফ। ভাইকে বাঁচাতে নদীতে নেমে বোন মাহফুজাও পানিতে তলিয়ে যায়।

বিলাপ করতে করতে আব্দুল হক ব্যাপারী বলেন, গ্রামে এসে আদরের ছেলে-মেয়েকে হারালাম। আমার সব শেষ হয়ে গেল।

নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ আজগর সোহেল মুন্সী বলেন, নিখোঁজ হওয়ার পর নড়িয়া থানা পুলিশকে জানানো হয়। পরে নারায়ণগঞ্জ থেকে তিনজন ডুবুরি এনে কয়েক ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের জানাজা শেষে রাতেই নওপাড়ায় গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google