স্পোর্টস ডেস্ক : মধ্য প্রদেশের ইন্দোরে হোলকার ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে।টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নাকের ডগায় থাকা ম্যাচ হেরে সিরিজ খুয়েছিল বাংলাদেশ। তাই টেস্ট সিরিজে ভালো করতে বদ্ধ পরিকর টাইগাররা। যদিও কাজটি হবে অত্যন্ত কঠিন। কারণ টেস্ট সিরিজে ফিরছে ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিসহ, আজিঙ্কে রাহানে, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামির মত তারকারা। অন্যদিকে টেস্ট সিরিজেও বাংলাদেশ পাচ্ছেনা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালকে। তাই টাইগার একাদশ সাজাতেই হয়তো হিমশিম খেতে হবে টিম ম্যানেজম্যান্টকে। সাকিব অলরাউন্ডার হওয়ায় একই সাথে বোলার ও ব্যাটসম্যান হিসেবে দলে প্রায় দুইজনের ভূমিকা রাখেন। তার অনুপস্থিতিতে তাই হয়তো একজন ব্যাটসম্যান বা একজন বোলার কম নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের। যেহেতু প্রতিপক্ষ ভারত তাই হয়তো বাড়তি ব্যাটসম্যান নিয়ে সাত ব্যাটসম্যান ও চার বোলার এই ফরমুলাতেই মাঠে নামবে টিম টাইগার্স।
তামিমের অনুপস্থিতিতে অভিজ্ঞ ইমরুলের সাথে ইনিংসের গোড়াপত্তন করবেন সাদমান ইসলাম। তিন নম্বরে যথারীতি খেলবেন অধিনায়ক মমিনুল। সিরিজ শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন টেস্ট ক্রিকেটে আর কিপিং করবেন না মুশফিকুর রহিম তাই চার নাম্বার পজিশনে তার চেয়ে ভালো অপশন বাংলাদেশের কাছে আর নেই। পাঁচ নম্বর পজিশনে সাকিব না থাকায় এখানে হয়তো কপাল খুলবে মোহাম্মদ মিঠুনের। ছয়ে মাহমুদউল্লাহ আর মুশফিক কিপিং না করায় সাত নম্বরে লিটনের খেলার সম্ভাবনা একরকম নিশ্চিত। খেলা যেহেতু ভারতে আর দলে যেহেতু সাকিব নেই তাই দুই পেসার ও দুই স্পিনার এই থিওরিতেই বোলিং এটাক সাজাবে বাংলাদেশ। দুই স্পিনার তাইজুল ও মিরাজের সাথে আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন এই দুই পেসারেরই একাদশে থাকার সম্ভাবনা বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।
Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.