Advertisement
স্পোর্টস ডেস্ক : করমুক্তি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির মধ্যকার বিবাদ যেন শেষই হচ্ছে না। ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-২০ বিশ্বকাপে করমুক্তি না পাওয়ায় টুর্নামেন্ট থেকে আইসিসির কাঙ্ক্ষিত আয়ের সঙ্গে প্রকৃত আয়ের ব্যবধান কমে দাঁড়িয়েছিল প্রায় ৩০ মিলিয়ন ডলারে। তিন বছর পরও ভারতের কাছ থেকে সেই ক্ষতির অর্থ আদায় করতে পারেনি আইসিসি। এবার তাই কঠোর এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি। ক্ষতিপূরণ হিসেবে বিসিসিআইর রাজস্ব আয় থেকে নির্দিষ্ট একটা অঙ্ক কেটে নিতে চাইছে। অন্যদিকে, এমনটা হলে আইনি লড়াইয়ের আভাসও দিয়ে রেখেছে ভারতীয় বোর্ড।

কোনো দেশ যদি বড় কোনো টুর্নামেন্টের আয়োজক হয়, তবে সাধারণত সেই টুর্নামেন্টের স্বার্থে টুর্নামেন্ট-সংশ্নিষ্ট প্রায় সব আর্থিক লেনদেনের কর মওকুফ করে দেয় দেশটির সরকার। কিন্তু তিন বছর আগে ভারতে আয়োজিত সেই টুর্নামেন্টে করমুক্তির সুবিধা পায়নি সংস্থাটি। কারণ ভারতের বিদ্যমান কর আইনে এমন কোনো নিয়ম নেই। ফলে, টি-২০ বিশ্বকাপের কর পুরোপুরিভাবে মওকুফ করেনি ভারত সরকার, সম্প্রচার সংস্থা স্টার ইন্ডিয়াকে সেবার ১০ শতাংশ কর দিতে হয়েছিল। তিন বছর পেরিয়ে গেলেও সেই টুর্নামেন্টের পুরো কর মওকুফের প্রস্তাবনার অনুমোদন পায়নি বিসিসিআই। এ নিয়ে আইসিসির সঙ্গে তাদের দ্বন্দ্বটা গত কয়েক মাসে বেশ চরমে উঠেছে। করমুক্তি না দিলে ২০২১ টি২০ বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিসিসিআইর ওয়েবসাইট থেকে জানা গেছে, আইসিসি এবার ভারতের রাজস্ব থেকে দশ শতাংশ কেটে রাখতে চাইছে নিজেদের ক্ষতিপূরণ হিসেবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইর এক কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআইর রাজস্ব থেকে প্রায় ৪০.৫ মিলিয়ন মার্কিন ডলার কেটে রাখতে পারে আইসিসি, যা ভারতীয় বোর্ডের রাজস্ব আয়ের দশ শতাংশ। বর্তমান কর আইন পরিবর্তন করার ক্ষমতা বিসিসিআইর নেই। তবে আমরা এ ব্যাপারে আইসিসিকে অবগত করেছি। আমরা তো আর দেশের আইন অমান্য করতে পারি না। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের এটা বেশ ভালোভাবেই বোঝা উচিত। কারণ, তিনি নিজেও বিসিসিআইর প্রেসিডেন্ট ছিলেন একটা সময়।

বিসিসিআইর এই কর্মকর্তা অবশ্য স্বীকার করেছেন, ভারত সরকারের কর-সংক্রান্ত এই আইনের ফলে সামনে বড় কোনো টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তবে রাজস্ব কেটে নেওয়ার ব্যাপারটিকে মোটেই ভালোভাবে নেয়নি ভারতীয় বোর্ড। ২০১৬ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে দু’পক্ষের মধ্যে চুক্তি নির্ধারিত হয়েছিল যুক্তরাজ্যের আইন অনুযায়ী। এ কারণে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) ইতিমধ্যেই বিসিসিআই লিগ্যাল টিমকে যুক্তরাজ্যের এক আইনি সংস্থার কাছ থেকে এ ব্যাপারে পরামর্শ নিতে বলেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.