Advertisement
জুমবাংলা ডেস্ক : হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরি করায় বগুড়া সদর উপজেলা যুবলীগের সহসভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) ও কাউন্সিলর মো. আমিনুল ইসলামসহ ৩০ আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ বাস্তবায়ন করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, এটা সম্পূর্ণ জালিয়াতি। একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে কঠিনতর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, এই আদালত কোনোদিনও আগাম জামিনের আবেদন শোনেন না। আর জামিননামায় যে সকল আইন কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে দুজন ২০১৯ সাল থেকে আর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নেই। আর একজন পদোন্নতি পেয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে। এ থেকে বোঝা যায়, এই কাগজটি সম্পূর্ণ ভুয়া।

তিনি বলেন, এই জালিয়াতির সঙ্গে জড়িতরা পার পেয়ে গেলে সমাজের কাছে একটি খারাপ বার্তা যাবে। এ কারণেই আদালতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আবেদন করেছি। আদালত তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বগুড়ার আদালতকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বগুড়াতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়। এর মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের ছোটভাই মশিউল আলম বাদী হয়ে ১০ ফেব্রুয়ারি বগুড়া থানায় মামলা করেন। মামলায় যুবলীগের সহসভাপতি মো. আমিনুল ইসলামসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করা হয়। এই মামলায় হাইকোর্ট থেকে আমিনুল ইসলামসহ ৩০ জনের জামিন নেওয়ার একটি আদেশনামা তৈরি করা হয়। আদেশনামায় দেখানো হয়েছে যে, গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ থেকে আসামিদের ৬ সপ্তাহের জামিন দেওয়া হয়েছে। এই জামিন শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের এই আদেশের তথ্য সংশ্লিষ্ট আদালতের নজরে আসে। এরপর এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের বক্তব্য জানতে চান। অ্যাটর্নি জেনারেল শুনানি করে জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানান। এরপর আদালত আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে আমিনুল ইসলামকে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.