ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজেই বিষয়টি নিশ্চিত করেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।
২০২৪ সালের নভেম্বরে মায়ামির দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল ও অলিম্পিক দল সামলানোর পর প্রথমবার কোনো ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। তার অধীনে ৪৭টি ম্যাচের মধ্যে ২৭টিতে জয় পায় ইন্টার মায়ামি।
মাসচেরানোর কোচিংয়ে ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় মায়ামি। এক মৌসুমে দলটি ১০১টি গোল করে, যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। এর মধ্যে প্লে-অফেই আসে ২০টি গোল।
তার নেতৃত্বে ক্লাবটি প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদও পায়। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে দলকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে মায়ামি, তবে সেখানে পিএসজির কাছে হেরে বিদায় নেয় দলটি।
বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গুইলারমো হোয়স। আগামী শনিবার (১৮ এপ্রিল) কলোরাডো র্যাপিডসের বিপক্ষে মাঠে নামবে মায়ামি।
বিদায়বার্তায় মাসচেরানো ক্লাব, স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাদের কারণেই তিনি স্মরণীয় মুহূর্ত কাটাতে পেরেছেন। পাশাপাশি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ক্লাবের সাফল্য কামনা করেন।
মাসচেরানো বলেন, আমি সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ক্লাবকে এবং সম্মিলিত প্রচেষ্টার জন্য প্রতিটি কর্মীকে ধন্যবাদ জানাই। তবে বিশেষ ধন্যবাদ খেলোয়াড়দের, যাদের কারণে আমরা অবিস্মরণীয় কিছু মুহূর্ত কাটাতে পেরেছি।
তিনি আরও বলেন, ভক্তদেরও অনেক ধন্যবাদ। আমাদের জেতা প্রথম শিরোপার স্মৃতি আমি সবসময় সাথে রাখব। আমি যেখানেই থাকি না কেন, ক্লাবের মঙ্গল কামনা করব। আমার বিশ্বাস, এই ক্লাব ভবিষ্যতে আরও বড় সাফল্য পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


