ইরান যুদ্ধের জেরে পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালক জো কেন্ট। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষিতে শুরু হওয়া যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। এক্সে ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক বার্তায় কেন্ট লিখেছেন, ‘আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না।’
মার্কিন শীর্ষ এই কর্মকর্তা আরও বলেন, ‘ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং এটা স্পষ্ট যে ইসরায়েল ও তার শক্তিশালী আমেরিকান লবির চাপে আমরা এই যুদ্ধ শুরু করেছি।’
বার্তায় কেন্ট বলেন, তিনি ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প যে মূল্যবোধ ও পররাষ্ট্রনীতি তুলে ধরেছিলেন, সেগুলোর সমর্থক ছিলেন এবং ট্রাম্পের প্রথম মেয়াদে সেগুলো বাস্তবায়িত হয়েছিল। তিনি উল্লেখ করেন, ট্রাম্প তার প্রথম মেয়াদে অন্য যেকোনো আধুনিক প্রেসিডেন্টের তুলনায় ভালোভাবে বুঝতে পেরেছিলেন কীভাবে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে না পড়ে কার্যকরভাবে সামরিক শক্তি প্রয়োগ করতে হয়।
তবে দ্বিতীয় মেয়াদের শুরুতেই পরিস্থিতি বদলে গেছে বলে দাবি করেন কেন্ট। ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, ‘ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কিছু গণমাধ্যম ভুল তথ্য প্রচার অভিযান চালায়, যা আপনার ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে পুরোপুরি দুর্বল করে দেয় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জনমত তৈরির চেষ্টা করে।’
তিনি আরও বলেন, ‘এই প্রচারণার মাধ্যমে আপনাকে বিভ্রান্ত করা হয়েছে, যাতে মনে হয় ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি এবং দ্রুত হামলা চালালে সহজেই জয় পাওয়া যাবে।’ কেন্ট তার পদত্যাগপত্রে দাবি করেন, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এবং অতীতেও একই কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধে জড়ানো হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


