
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের ওপর পুলিশি হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির প্রশাসন। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) দাতুক সেরি আক্রিল সানি আব্দুল্লাহ সানির মন্তব্যে এমন পূর্বাভাস পাওয়া গেছে।
শুক্রবার (৭ মে) তিনি বলেছেন, ভিসা ও কাগজপত্র যাচাইয়ের নামে বিদেশীদের ওপর হয়রানি করা হয়। পুলিশকে আইনের অপব্যবহার করা থেকে বিরত রাখতে হবে।
সুনির্দিষ্ট কারণ ছাড়া অভিবাসীদের কাগজপত্র যাচাই রোধে খুব শিগগিরই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।
মালয়েশিয়ার সরকারি সংবাদ মাধ্যম বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বৈধ পাসপোর্ট ভিসা থাকার পরও যাচাই-বাছাইয়ের নামে দুই সপ্তাহ পুলিশি হেফাজতে রাখার সমালোচনা করেন। এ ধরনের কার্যক্রম পুলিশের আইন অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
নতুন আইজিপির এ ধরনের মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে পুলিশি হয়রানি বন্ধে পদক্ষেপ নিলে হয়রানি থেকে মুক্তি পাবেন এখানে বসবাসরত কয়েক লাখ প্রবাসী।
উল্লেখ্য, মালয়েশিয়ায় রাস্তাঘাটে চলাচলের সময় পুলিশের হাতে প্রবাসীদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। বৈধ কাগজপত্র থাকার পরও নানাভাবে হয়রানি করা হয়। পাসপোর্ট-ভিসা থাকার পরও তা যাচাই-বাছাইয়ের নামে থানা হাজতে ধরে নিয়ে রাখা হয় ১৪ দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


