Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পাকিস্তান সফরটা শুরুই হলো হতাশায়। আরও পরিষ্কার করে বললে-আফসোসে। লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারলেও টাইগাররা যে লড়াই করেছে শেষ ওভার পর্যন্ত।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে মাত্র ১৪১ রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে পাকিস্তানও খুব স্বস্তিতে ছিল না। ১৪২ রান তাড়া করতে ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলতে হয় তাদের, ৩ বল বাকি থাকতে পায় জয়।

ম্যাচ শেষে তাই বাংলাদেশের সমর্থকদের কিছুটা আফসোসই হচ্ছে। মনে হচ্ছে- আর কয়েকটা রান বেশি করতে পারলেই ফলটা অন্যরকম হতো। বোলাররা তো চেষ্টা করেছেন, ব্যাটসম্যানরা আরেকটু বুদ্ধিমত্তার পরিচয় দিলে পুঁজিটা আরও একটু বাড়তো।

অনেকেই মনে করছেন, মুশফিক থাকলে এই পুঁজিটা হয়তো ১০-১৫ রান বেশি হতো। কারণ দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে দলের প্রয়োজনে হাত খুলে খেলতেও সিদ্ধহস্ত তারকা এই ক্রিকেটার।

ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও তাই শুনতে হলো সেই প্রশ্ন-এমন এক ম্যাচে মুশফিকের অনুপস্থিতি ভুগিয়েছে কি? দলে মুশফিকের অভাববোধটা অস্বীকার করলেন না মাহমুদউল্লাহ।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা মুশফিকুর রহীমের সার্ভিস সবসময়ই মিস করি। সে আমাদের দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশের জন্য তিন ফরমেটেই সে সেরা পারফরমার।’

তাই বলে মুশফিকের কথা ভেবে সব ছেড়ে বসে থাকতে হবে, এমন ভাবনারও পক্ষপাতী নন মাহমুদউল্লাহ। বাংলাদেশ দলপতি পরক্ষণেই যোগ করেন, ‘মুশফিকুর রহীম এখানে আমাদের সঙ্গে নেই। আমরা তো তার অনুপস্থিতির কথা ভেবে বসে থাকতে পারি না। আমার মনে হয়, আমরা কি অর্জন করতে পারি সেদিকেই ফোকাস রাখা উচিত। সুযোগ কাজে লাগিয়ে ভালো পারফর্ম করতে হবে।’

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে আজ (শনিবার)। ম্যাচটি হবে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই। এরপর একই ভেন্যুতে ২৭ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.