ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি খামেনির প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ প্রকাশ করে জানায়, তার সব নির্দেশ মেনে চলতে এবং বাস্তবায়নে তারা সর্বদা প্রস্তুত থাকবে।

আইআরজিসি আরও বলেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের মাধ্যমে মোজতবা খামেনির নির্বাচন প্রমাণ করে যে ইসলামি বিপ্লব ও রাষ্ট্রব্যবস্থা কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এবং এর অগ্রযাত্রা থেমে থাকে না।
এরইমধ্যে ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা মোজতবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানী, ধর্মপ্রাণ ও বিচক্ষণ নেতা’ হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের এই সিদ্ধান্তকে তারা বিচক্ষণতার পরিচয় বলে মন্তব্য করেছে।
৫৬ বছর বয়সী মোজতবা খামেনি প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আলি খামেনি ছাড়াও তার স্ত্রী, মোজতবা খামেনির স্ত্রী এবং এক বোন নিহত হন। তবে ওই সময় মোজতবা খামেনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
গত কয়েক বছর ধরেই তাকে বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনা করা হচ্ছিল। আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন এবং এরপর টানা প্রায় ৩৭ বছর দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


