
জুমবাংলা ডেস্ক : যশোর-নড়াইল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নড়াইল সদর উপজেলার তুলারামপুর সেতুর মাঝখানের স্লাব ভেঙ্গে বালু, খোয়া, রড বের হওয়ায় ওই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টার পর স্লাববের কিছু অংশ ভাঙ্গা দেখা যায়। এ ঘটনার পর সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় দু’পাশে অনেক বাস-ট্রাক আটকা পড়ে।
জানা গেছে, নড়াইল থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় এ সড়কটির ওপর দিয়ে প্রতিদিনই দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের কয়েক হাজার ভারী ও হালকা যানবাহন চলাচল করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে দশ চাকার একটি পাথর বোঝাই ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার পর এ স্লাব ভেঙ্গে যায়। এ ঘটনার পর সেতুর দু’পাশে অনেক বাস-ট্রাক আটকা পড়ে এবং পণ্যবাহী যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।
এ বিষয়ে নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৗশলী মো. আশরাফুজ্জমান বলেন, আমরা সেতুটি পরিদর্শন করেছি। সেতুর মাঝখানের স্লাব ভেঙ্গে গেছে। আপাতত ষ্টিলের পাটাতন সংগ্রহ করে সেতুটি চালুর ব্যবস্থা করা হবে। তবে এটি সংগ্রহ করতে দু’তিনদিন সময় লাগতে পারে। এ কারণে সেতুর ওপর দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করবে না। তবে হালকা যানবহন চলাচল করতে পারে।
তিনি আরও বলেন, পুরোনো এ সেতুর পাশে একটি নতুন সেতুর কাজ প্রায় শেষের দিকে। এটি দু’তিন মাসের মধ্যে চালু হলে যানবাহন চলাচলের সমস্যা দূর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


