যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেবে না ইরান, এমনই ঘোষণা দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনজামালি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর। এর জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো কয়েকটি দেশের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। এই উত্তেজনার মধ্যেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ক্রীড়ামন্ত্রী দোনজামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। তাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।’
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো অত্যন্ত অন্যায়। ‘মাত্র আট বা নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং কয়েক হাজার নাগরিক নিহত হয়েছেন।’
এ কারণে বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করে দেন তিনি। ‘আমাদের বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো সম্ভাবনাই নেই,’ বলেন দোনজামালি।
এই ঘোষণায় বড় ধাক্কা খেয়েছে ফিফা। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হওয়ার কথা বিশ্বকাপের।
ইরান সরে দাঁড়ালে তাদের জায়গায় কোন দল খেলবে, সেটি এখনো নিশ্চিত নয়। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দল টুর্নামেন্ট থেকে সরে গেলে তার বদলে কোন দল অংশ নেবে সে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা ফিফার হাতেই থাকে।
ফিফার বিধির ৬.৭ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য দেশ বিশ্বকাপ থেকে সরে গেলে বা বাদ পড়লে ফিফা নিজেদের বিবেচনায় অন্য কোনো দলকে সুযোগ দিতে পারে।
সে ক্ষেত্রে ইতালির মতো ঐতিহ্যবাহী কোনো দল সুযোগ পেতে পারে, যদি তারা প্লে-অফে ব্যর্থ হয়। আবার এশিয়া ফুটবল কনফেডারেশনের অন্য কোনো দলকেও সুযোগ দেওয়া হতে পারে। যেমন ইরাক, যারা বিশ্বকাপের প্লে-অফে বলিভিয়া বা সুরিনামের বিপক্ষে খেলতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


