
সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (০৪ এপ্রিল) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট। বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে জোটের এক বৈঠক শেষে সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই কর্মসূচির ঘোষণা দেন। ব্রিফিংকালে তিনি বর্তমান সরকারের কার্যক্রমের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের পথেই হাঁটছে।
হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, কেবল সংবিধান সংশোধন নয়, বরং আমূল সংস্কার এখন সময়ের দাবি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটতে চায় এবং জনমতকে গুরুত্ব না দেয়, তবে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।
জোটের এই নেতা আরও অভিযোগ করেন, বর্তমান প্রশাসন জ্বালানি সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এছাড়া সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপনের প্রক্রিয়া নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়নে সরকার যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, তবে আগামী ৭ এপ্রিল নতুন করে বৈঠক করবে জোট। ওই বৈঠক থেকেই রাজপথে দীর্ঘমেয়াদী আন্দোলনের বিস্তারিত রূপরেখা ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


