
আজ দ্বিতীয় দিন বেন স্টোকসকে নিয়ে চতুর্থ উইকেটে ১২৪ রান যোগ করেন রুট। স্টোকস ৮২ রান করে আউট হন। তবে ১৪৩তম ওভারের তৃতীয় বলে রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কা মেরে ডাবল-সেঞ্চুরিতে পৌঁছান রুট। ক্যারিয়ারের পঞ্চম ডাবল-সেঞ্চুরি তুলে নিতে খেলেন ৩৪১ বল। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে এটা তার তৃতীয় ডাবল। ২০১০ সালের পর ভারতের মাটিতে সফরকারী কোন ব্যাটসম্যান ডাবল-সেঞ্চুরি করল। সর্বশেষ হায়দারাবাদে ২২৫ রান করেছিলেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
ডাবল সেঞ্চুরি করে ২১৮ রানে ভারতের বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিমের বলে লেগ বিফোর হন রুট। ৫৩৬ মিনিট ক্রিজে থেকে ৩৭৭ বল খেলে ১৯টি চার ও ২টি ছক্কায় তিনি নিজের রেকর্ড গড়া ইনিংসটি সাজান। শততম টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন রুটের দখলে। আগের রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। নিজের শততম টেস্টে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে ১৮৪ রান করেছিলেন ইনজামাম।
এই ইনিংস খেলার ফলে ইংল্যান্ডের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন রুট। তার সামনে আছেন স্যার অ্যালিস্টার কুক (১২,৪৭২) এবং গ্রাহাম গুচ (৮৯০০)। রুটের রান ৮,৪৬৭। রুটের পর ওলি পপ ৩৪, জশ বাটলার ৩০ ও জোফরা আর্চার ০ রানে আউট হন। ডম বেস ২৮ ও জ্যাক লিচ ৬ রানে অপরাজিত আছেন। ভারতের বুমরাহ-ইশান্ত-অশ্বিন এবং নাদিম ২টি করে উইকেট নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



