
জুমবাংলা ডেস্ক : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে ঈশ্বরদীতে বিমানবন্দর চালুর দাবি জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের স্ত্রী শাম্মী আকতার মনি। বৃহস্পতিবার সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে অংশ নেন তিনিও।
শাম্মী আক্তার বলেন, আগে ঢাকায় এসে কক্সবাজারের ফ্লাইটে উঠতে হতো। এখন সৈয়দপুর থেকেই সরাসরি বিমানে কক্সবাজার যাওয়া যাবে। এ সময় বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর উদ্দেশে মন্ত্রীপত্নী বলেন, আমার নানির বাড়ি ঈশ্বরদীতে। কিন্তু সেখানকার বিমানবন্দরটি বন্ধ। জানি না কেন বন্ধ। আমার একটা দাবি ভাইয়ার (বিমান প্রতিমন্ত্রী) কাছে, তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যেন বিমানবন্দরটি আবারও চালুর প্রস্তাব তোলা হয়। তাহলে ঈশ্বরদীর যাত্রীদের উপকার হতো।
এদিন সৈয়দপুর-কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্লাইটের উদ্বোধন করেন। দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইট বিজি-৫৯২। প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে বিমান। আর প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে সৈয়দপুরের পথে রওনা দেবে একটি ফ্লাইট।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রেল, বিমান, নৌ ও সড়কপথে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। এই বিমানবন্দরে সৈয়দপুর থেকে পর্যটন নগরী কক্সবাজারে বিমান চালু হওয়ায় আর পিছিয়ে থাকবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


