কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির জোরালো ধাক্কায় এক রেলকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়লে চট্টগ্রাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাতে লাকসাম জংশনে এসে পৌঁছায়। চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতির অংশ হিসেবে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে বগির সঙ্গে সংযোগ দেওয়ার সময় এই বিপত্তি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংযোগ দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনটি সজোরে বগিতে ধাক্কা দেয়। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন রেলওয়ে কর্মচারী রয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি ও ক্ষতিগ্রস্ত ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করেছে। রেললাইন মেরামতের কাজ চলছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


