
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম’ হত্যার প্রধান আসামির সহকারী সাগরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পটুয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি গণমাধ্যমকে বলেন, টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চারজনকে খুলনা ও পটুয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ঢাকায় আনা হচ্ছে।
এর আগে, গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীর সামনে কুপিয়ে রাকিবকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মো. রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে। গুলি করার পর আহত অবস্থায় রাকিবকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হাসপাতালে নিয়ে যান।
তাদের মধ্যে মো. ঈশান নামে একজন জানান, শহীদ মিনারের ওপরে পূর্ব শত্রুতার জের ধরে তিন/চার জন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, রাকিবের শরীরে অন্তত পাঁচটি গভীর কোপের চিহ্ন এবং পিঠ ও পেটে গুলির ক্ষত রয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, মোটরসাইকেল পার্ক করার পরপরই ওত পেতে থাকা ৫-৬ জন সশস্ত্র হামলাকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। রাকিবুল ইসলাম ফেসবুক ও ইউটিউবে ‘রাকিব আহম্মেদ’ নামে কনটেন্ট তৈরি করতেন এবং স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


