ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের জন্মদিন ছিল শনিবার (২৮ মার্চ)। অভিনেতার বিশেষ এই দিনে সাধারণ ভক্ত থেকে শুরু করে বিনোদন জগতের তারকাদের ভালোবাসাতেও সিক্ত হন তিনি। শাকিবকে নিয়ে আবেগ, প্রশংসা আর স্মৃতিচারণা ভরে ওঠে সামাজিক মাধ্যম। সাধারণ ভক্তের মতো স্মৃতিচারণ করতে সে তালিকায় বাদ জাননি খল-অভিনেতা মিশা সওদাগরও। তার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মিশে ছিল এক গভীর উপলব্ধি ও কিছু দিকনির্দেশনা।

সামাজিক মাধ্যমে শাকিব খানের সঙ্গে শরীরচর্চার একটি ছবি পোস্ট করে নিয়েছেন মিশা সওদাগর। সেখানে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন তিনি।
পোস্টে মিশা সওদাগর লিখেছেন— একজন মেসির যেমন ভালো কোচিং স্টাফ এবং মাঠে আরও ১১ জন যোগ্য খেলোয়াড় দরকার হয় গোল করার জন্য, ঠিক তেমনি একজন নায়কের সাফল্যের জন্য প্রয়োজন দক্ষ পরিচালক, দূরদর্শী প্রযোজক, শক্তিশালী স্ক্রিপ্ট, মানসম্মত চরিত্র এবং দক্ষ সহ-অভিনেতার।
তিনি বলেন, এ উপাদানগুলোর অভাব থাকলে সব চেষ্টাই বৃথা। শাকিবের ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টাকে সম্মান জানিয়ে বিশেষ দিনে শুভেচ্ছা জানান এ খল-অভিনেতা।
অভিনেতা শাকিব ও মিশা সওদাগরকে একসঙ্গে দেখা গিয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া সেই সিনেমায় তারা প্রথাগত নায়ক-ভিলেন হিসেবে নয়; বরং পর্দা শেয়ার করে নিয়েছিলেন বাবা-ছেলের ভূমিকায়।
বর্তমান সময়ে ভালো মানের সিনেমার জন্য একটি শক্তিশালী দলগত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও জানান মিশা সওদাগর। ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খান ও মিশা সওদাগর জুটি দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। একসময় শাকিবের সিনেমা মানেই খল-অভিনেতার কেন্দ্রীয় চরিত্রে মিশা সওদাগরের উপস্থিতি অনিবার্য।
সাম্প্রতিক সময়ে এ জুটিকে পর্দায় আগের মতো আর নিয়মিত দেখা যায় না। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাতেও নেই মিশা সওদাগর। এ সিনেমায় খল-অভিনেতা হিসাবে অভিনয় করেছেন বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।
সিনেমাটি মুক্তির পর গল্প ও নির্মাণ নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকে শাকিব খানের এ নতুন কাজ নিয়ে সমালোচনাও করছেন।
ধারণা করা হচ্ছে, ইন্ডাস্ট্রির বর্তমান এই শূন্যতা ও সিনেমার মান বিবেচনা করেই হয়তো শাকিবকে ভালো সহকর্মী ও কারিগরি সহায়তার গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন মিশা সওদাগর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


