শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। শনিবার (০৪ এপ্রিল) থেকে নির্বাচনী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে তারা মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন।
আগামী ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল রাতে বিজিবি সদস্যরা দুই উপজেলায় অবস্থান নেন। শনিবার থেকে তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় দায়িত্বে থাকবেন। নির্বাচন-পূর্ব পাঁচ দিন, নির্বাচনকালীন সময় এবং ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন। নির্বাচন উপলক্ষ্যে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে বিজিবি সদস্যরা ইতোমধ্যে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সীমান্তে যেসব বিজিবি দায়িত্বে রয়েছেন তারাও সহযোগিতা করবেন।
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সঙ্গে বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবেন। ১৬ প্লাটুনে প্রায় ৩২০ জন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। আমরা আশ করছি, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি বিজিবি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বিজিবির পাশাপাশি নির্বাচনী নিরাপত্তা জোরদারে র্যাবের ১০টি টিম মাঠে কাজ করবে। সেই সঙ্গে চারটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তপশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুটি উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসন। মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


