বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে দেওয়া বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছে জাতীয় সংসদ। একই সঙ্গে সেই সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার প্রসঙ্গে যে একটি শব্দ ব্যবহার করেছিলেন সেটিও এক্সপাঞ্জ করা হয়েছে। আজ রোববার বিকেলে বাজেট অধিবেশন শুরুর পর এ নিয়ে কথা বলেন স্পিকার।

তিনি এসময় বলেন, ‘গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দুয়েকটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্নপক্ষ সমর্থন করার সুযোগ নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি’।
স্পিকার বলেন, ‘সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি সেখানে উল্লেখ করেছিলাম কোনও ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় সম্পর্কিত সেই বক্তব্যও এক্সপাঞ্জ করা হলো’।
তিনি বলেন, ‘ভবিষ্যতে আপনারা সবাই সচেতন থাকবেন। যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ট করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোন বিরূপ মন্তব্য আপনারা করবেন না এটাই আশা করি’।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকের প্রসঙ্গ টানেন বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক।
তিনি বলেন, ‘মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। বাজেট নিয়ে তিনি সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন। কিন্তু তিনি যে গাজীপুরে নারীসহ ধরা পড়লেন মুতা বিয়ের নামে, সেটা আসলে কী ছিল, আমি জানি না।’ এ সময় তিনি স্পিকারের কাছে মুতা বিয়ে কী, সে সম্পর্কেও জানতে চান।
আবু আশফাকের বক্তব্য শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অপ্রাসঙ্গিক কোনও বিষয় বক্তব্যে না আনাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নেই, তার সম্পর্কে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মামুনুল হকের বিষয়টি নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে বিএনপির ওই সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বিএনপির ওই সদস্যের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। পরে সংসদের চিফ হুইপ নূরুল ইসলামও অসংসদীয় বিষয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার অনুরোধ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



