
জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিতে থাকা অবস্থায় আরেকটি সরকারি চাকরির আবেদন করতে এখন থেকে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। অনুমোদন ছাড়া কোনো সরকারি চাকরিজীবী আরেকটি সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে।
এখন থেকে আদেশ জারির পর থেকে অনুমতি না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি আমলে নিয়ে গত রোববার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অফিস আদেশে বলা হয়েছে, যারা ইতিমধ্যে অনুমতি না নিয়ে আবেদন করেছেন তাদেরকে লিখিত বা ব্যবহারিক পরীক্ষার আগে অবশ্যই অনুমতি নিতে হবে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ১৭ নম্বর ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী সরকারের তথা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোনো চাকরি বা কার্য গ্রহণ করতে পারবেন না।’।
মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখার কর্মকর্তা উপসচিব মুহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত ওই আদেশে আরও বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের নব নিয়োগপ্রাপ্ত ১৩-২০ গ্রেডভুক্ত কর্মচারীদের অনেকেরই কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর কিংবা পরিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে থাকেন। অনেকের চাকরি হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। আদেশ জারির পর থেকে অনুমতি না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


