রাজধানী ঢাকাসহ সারাদেশে টানা দুই দিন ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। এ সময় রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

শুক্রবার (১০ জুলাই) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা দুই দিনের ভারী বৃষ্টির বিষয়ে গণমাধ্যমকে এই তথ্য জানান।
জেবুন্নেছা বলেন, প্রায় পাঁচ দিন ধরে দেশে বৃষ্টি চলছে। এর প্রাথমিক কারণ ছিলো বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। পরে সেই নিম্নচাপ অবশ্য চলে গেছে। এখন বৃষ্টি হচ্ছে মূলত মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে ওঠার কারণে।
তিনি আরও বলেন, মৌসুমি বায়ুর এই সক্রিয়তার প্রভাব দেশের সর্বত্রই দেখা যাচ্ছে। আজ সারা দিনই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
তিনি বলেন, যখন কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তখন তাকে ভারী বৃষ্টি বলে এবং এর বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলে। অর্থাৎ গত চার দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায়, অর্থাৎ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ২১৪ মিলিমিটার। এ ছাড়া শুক্রবার রাজধানীতে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি যা দেখা যাচ্ছে, তাতে আজও দেশের প্রায় সর্বত্রই বৃষ্টি থাকবে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে চারটি বিভাগ, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামসহ ছয়টি জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও শমসেরপাড়াসহ কিছু এলাকায় এখনো পানি জমে রয়েছে। চট্টগ্রাম নগরে রেলপথ থেকে পানি না কমায় আজ শুক্রবার পর্যন্ত কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



