
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে দিবসটি কোরিয়ান শিশু-কিশোর, দূতাবাসের কর্মকর্তা, কোরিয়ান ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে সীমিত পরিসরে উদযাপন করা হয়।
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম কর্তৃক দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিকতার শুভ সূচনা হয়। সামাজিক দূরত্ব কার্যক্রম অব্যাহত থাকার কারণে শুধুমাত্র দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
অনুষ্ঠানের পরবর্তী অংশে বিশেষ মোনাজাত, পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের তাৎপর্যের উপর আলোকপাত করা হয়। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি জাতির পিতার রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর মহান অবদান এবং যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্নির্মাণে তাঁর কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁকে শান্তির দূত হিসেবে অবহিত করেন।
তিনি জাতীয় শিশু দিবস সম্পর্কে আলোচনাকালে শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ করবার জন্য অভিভাবকদের গুরু দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।
এই দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস কর্তৃক দক্ষিণ কোরিয়ার সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে “বিশ্বব্যাপী শান্তি ও মানবতার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান” বা “বঙ্গবন্ধুর স্বপ্ন এবং বাংলাদেশের সাফল্য” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম প্রতিযোগিতায় বিজয়ী কোরিয়ান শিশু কিশোরদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। তাছাড়া, রাষ্ট্রদূত বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত কোরিয়াস্থ বেসরকারি প্রতিষ্ঠান ‘হবি কোরিয়া’-এর ০৮ (আট) জন ছাত্র-ছাত্রীদের হাতেও সনদপত্র তুলে দেন। সেইসাথে, জাতির পিতার জীবন নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র উক্ত অনুষ্ঠানে প্রদর্শণ করা হয়।
পরবর্তীতে রাষ্ট্রদূত আবিদা ইসলাম রাষ্ট্রদূত উৎফুল্ল কোরিয়ান শিক্ষার্থীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কেটে দিবসটি উদযাপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



