স্পোর্টস ডেস্ক: চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যাট হাতে বেশ ছন্দে আছেন মোহাম্মদ মিঠুন। টুর্নামেন্টের আগের ৩ ম্যাচে ৫ ইনিংসে একটি করে শতক আর ফিফটিতে করেছেন ২৫৫ রান। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) মিরপুরে খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। বিসিএলের ফাইনালে ইনিংস সূচনা করতে নেমে প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ডানহাতি ব্যাটার। বিসিবি সাউথ জোনের বিপক্ষে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে এ মাইলফলকে পা রাখলেন মোহাম্মদ মিঠুন।

মিঠুনের ডাবল সেঞ্চুরি ছাড়াও সেন্ট্রালের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক শুভাগত হোম। এ দুজনের পঞ্চম উইকেট জুটিতে এসেছে ২৮৩ রান। মাত্র ১৬ রানে চতুর্থ উইকেট পতনের পর তারা দলকে নিয়ে গেছেন ২৯৯ রান পর্যন্ত।
আগের দিন করা ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল সেন্ট্রাল জোন। দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নেন শুভাগত। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার ১৫তম সেঞ্চুরি।
তবে তিন অঙ্ক ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি শুভাগত। ইনিংসের ৮০তম ওভারে শেখ মেহেদি হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পরে থামে তার ২১৯ বলে ১২ চারের মারে খেলা ১১৬ রানের ইনিংসটি।
অধিনায়ক ফিরে গেলেও জাকের আলি অনিককে নিয়ে খেলতে থাকেন মিঠুন। ইনিংসের ১০০তম ওভারে গিয়ে পূরণ করেন ডাবল সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেন্ট্রাল জোনের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৫ রান। মিঠুন ২০০ ও জাকির ২৪ রানে অপরাজিত রয়েছেন। নিজেদের প্রথম ইনিংসে সাউথ জোন অলআউট হয়েছে ৩৮৭ রান করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



