সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ শক্তিশালী নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালে ওঠার এই লড়াইয়ে নিজেদের শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। চোট ও ফর্মহীনতার কারণে ছিটকে গেছেন তিন তারকা। আর রক্ষণে শক্তি বাড়াতে একাদশে ফেরানো হয়েছে সেন্টার ব্যাক আফঈদা খন্দকারকে।

নেপাল বধের লক্ষ্যে আফঈদার সঙ্গে আজ শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি ও উমেহ্লা মারমা। অন্যদিকে একাদশ থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার মনিকা চাকমা, ডিফেন্ডার সুরমা জান্নাত এবং অফফর্মে থাকা স্ট্রাইকার শামসুন্নাহার জুনিয়র।
দলীয় সূত্র নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে গত ম্যাচে ধুঁকতে থাকা মনিকা চাকমা এখনো পুরোপুরি ফিট নন। শতভাগ ফিটনেস না থাকায় এই হাই-ভোল্টেজ ম্যাচে ঝুঁকি না নিয়ে তাকে বেঞ্চে রেখেছেন কোচ। অন্যদিকে সেরা ছন্দে না থাকায় বাদ পড়েছেন শামসুন্নাহার জুনিয়রও। তার পরিবর্তে রাইট উইংয়ে আজ খেলানো হচ্ছে সুরভী আকন্দ প্রীতিকে। জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম শুরুর একাদশে জায়গা পেলেন এই তরুণ তুর্কি। আন্তর্জাতিক ফুটবলে টানা ২৪ ম্যাচ খেলার পর ভারতের বিপক্ষে বাদ পড়েছিলেন আফঈদা খন্দকার। তবে সেমিফাইনালের মতো বড় মঞ্চে তার অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ঐতিহাসিক এই লড়াইয়ে মাঠে নামবে দুদল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নেপালের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, সুরভী আরফিন, কোহাতি কিসকু, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্ডা (অধিনায়ক), মমিতা আক্তার, উমেহ্লা মারমা, ঋতুপর্ণা চাকমা, সুরভী আকন্দ প্রীতি ও আনিকা রানিয়া সিদ্দিকী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



