আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূতকে দেশে ফেরত নিয়ে আসা হয়েছে। এছাড়া আরও ছয় কর্মকর্তাকে দেশে যেতে নির্দেশ জারি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশটিতে বসবাস করা পাকিস্তানি কমিউনিটির অভিযোগের মুখে এসব কূটনীতিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানি সরকার।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে ডন অনলাইন এমন খবর দিয়েছে।
এতে বলা হয়, এ ঘটনায় প্রধানমন্ত্রী ইমরান খান একটি তদন্তের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দূতাবাসের কূটনৈতিক, কমিউনিটি ওয়েলফেয়ার, কনস্যুলার শাখায় এসব কর্মকর্তারা কাজ করতেন।
বিবৃতিতে বলা হয়, বিদেশে বসবাসরত পাকিস্তানিদের কল্যাণ ও উন্নতির প্রতি গুরুত্ব দিচ্ছে পাকিস্তান সরকার। জনসেবায় কোনো ত্রুটি থাকলে, তা ন্যূনতম সহ্য করা হবে না।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, উপসাগরীয় দেশটিতে কর্মরত শ্রমিকদের প্রতি সৌদি দূতাবাস খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এতে পাকিস্তানি কূটনীতিকদের ভর্ৎসনা করেন তিনি।
বিদেশে কর্মরত শ্রমিকদের ‘বিশেষ মানুষ’ আখ্যায়িত করে ইমরান খান আরও বলেন, তারা দেশে পরিবারের কাছে অর্থ পাঠাতে বিদেশে অতিরিক্ত কাজ করেন। অর্থ বাঁচাতে ঘিঞ্জি ছোট কক্ষে বসবাস করেন।
শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করা কর্মকর্তাদের ফিরে আসার নির্দেশ দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


