পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী। এ পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। সেখানে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন।
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নইম উদ্দীন মন্ডলের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে।
আরও পড়ুনঃ
এদিকে, ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


