জুমবাংলা ডেস্ক: রংপুর শহরে নির্মাণাধীন সাধের বাসভবন ‘পল্লী নিবাস’ আর দেখা হলো হলো না সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ রবিবার সকাল পৌনে ৭টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

গত ২৮ জুন রংপুরে আসার কথা ছিল এরশাদের। তার সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। বাড়ির নির্মাণ কাজ দেখতেই তিনি রংপুরে আসতেন এবং নির্মাণাধীন ‘পল্লী নিবাসে’ এবার উঠার কথা ছিল তার। কিন্তু অসুস্থতার কারণে তিনি রংপুরে আসতে পারেননি। ভবিষ্যতে সুস্থ হয়ে তার নিজ হাতে গড়া স্বপ্নের ভবন ‘পল্লী নিবাস’ দেখতে পারবেন কিনা এবং এখানে থাকতে পারবেন কিনা এ নিয়ে দলের নেতাকর্মী ও রংপুরের সাধারণ মানুষের মনে সংশয় জেগেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন এরশাদের রংপুরের আসার কথা ছিল। দুই রাত অবস্থান শেষে ৩০ জুন ঢাকায় ফেরার সূচিও চূড়ান্ত হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে হেলিকপ্টারে করে তার আসার কথা ছিল। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেই কর্মসূচি বাতিল হয়ে যায়।
রংপুর শহরে অবস্থিত এরশাদের ব্যক্তিগত আবাস ‘পল্লী নিবাস’ সংস্কার করে তিনতলা ভবন গড়া হচ্ছে। এতদিন বাউন্ডারির মধ্যে আলাদা আলাদা ভবন ছিলো। হুসেইন মুহম্মদ এরশাদ থাকতেন দ্বিতল ভবনে। আর পিএসসহ অন্যান্য স্টাফদের ছিল একতলা ভবন। পুরাতন ভবন ভেঙে তিনতলা কমপ্লেক্স করা হচ্ছে। দ্বিতীয় তলায় এরশাদ ও ছেলে এরিখের কক্ষ তৈরি করা হয়েছে। ভবনটির দ্বিতীয় তলার কাজ শেষ। চলমান রয়েছে তৃতীয় তলার ফিনিশিংয়ের কাজ। তাই এবার এলে সেখানেই থাকার কথা ছিল।
সর্বশেষ এরশাদ রংপুর সফরে এসেছিলেন ৩ মার্চ। তখনও বাড়ির কাজ দেখতেই রংপুরে এসেছিলেন। অসুস্থতার কারণে অনেকের মনে প্রশ্ন জেগেছে এরশাদের ‘পল্লী নিবাস’ দেখা হবে কিনা।
জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মমিনুল ইসলাম বলেন, ‘২৮ জুন রংপুরে স্যারের ‘পল্লী নিবাস’ দেখতে আসার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



