
মাত্র ৩৪ বছর বয়সেই ফুটবল থেকে অবসর নিয়েছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার। শনিবার সাও পাওলো এফসি ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে।
গত নভেম্বর মাসে নিয়মিত মেডিকেল পরীক্ষার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন অস্কার। এরপর তাকে পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার ‘ভ্যাসোভ্যাগাল সিনকোপ’ ধরা পড়ে—যা হঠাৎ রক্তচাপ, হৃদস্পন্দন ও মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে ঘটে। এই হৃদসংক্রান্ত জটিলতার কারণেই শেষ পর্যন্ত ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন তিনি।
ক্লাবের এক বিবৃতিতে অস্কার বলেন, ‘সাও পাওলোতে আমার ক্যারিয়ারের সমাপ্তি হচ্ছে—যে যাত্রা আমাকে বিশ্বের প্রায় চার কোণায় নিয়ে গেছে।’
ক্যারিয়ারে তিনি ইংল্যান্ডের ক্লাব চেলসি এফসিতে পাঁচ মৌসুম খেলেন এবং দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি ইউরোপা লিগ জেতেন। পরে ২০১৭ সালে চীনের সাংহাই পোর্ট এফসিতে যোগ দিয়ে তিনটি চাইনিজ সুপার লিগ শিরোপা অর্জন করেন।
২০২৫ সালে শৈশবের ক্লাব সাও পাওলো এফসিতে ফিরে আসেন তিনি, যেখানে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল।
ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন অস্কার। তিনি ফিফা কনফেডারেশনস কাপ জয়ের পাশাপাশি নিজ দেশে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপেও অংশ নেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


