জুমবাংলা ডেস্ক : নারায়নগঞ্জের তাণ্ডবের মামলায় রাজধানীর বারিধারা থেকে হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান।
শুক্রবার (২১ মে) সন্ধ্যায় তাকে বারিধারা থেকে গ্রেফতার করা হয়। গত নির্বাচনে প্রচারণার নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন মুফতি মনির হোসেন কাসেমী।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান জানান, কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের কিছু মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি হেফাজতের বিভিন্ন নেতার বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলায়ও তিনি আসামি। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে আজ বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতারিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


