চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে মে (গত ১১ মাস) সময়ে নেতিবাচক প্রবৃদ্ধির মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, এ সময়ে খাত থেকে মোট রপ্তানি আয় ৩৫ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে অর্জিত ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের তুলনায় ৩ দশমিক ৪১ শতাংশ কম।
ইপিবির তথ্য অনুযায়ী, বছরওয়ারি (ইয়ার-অন-ইয়ার) হিসাবে ২০২৬ সালের মে মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি ৮ দশমিক ২৯ শতাংশ কমেছে। ২০২৫ সালের মে মাসে যেখানে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার, সেখানে ২০২৬ সালের মে মাসে তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিটওয়্যার রপ্তানি মে মাসে ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৯১ শতাংশ কম। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি কমে ১ দশমিক ৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বছরওয়ারি হিসাবে ৭ দশমিক ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে।
এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বৈশ্বিক বাজারে চাহিদার ধীরগতি, ক্রয়াদেশে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রতিফলিত হচ্ছে। শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য এবং নতুন বাজার সম্প্রসারণ প্রয়োজন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, সামনের মাসে আমাদের মিনিমাম চার বিলিয়ন ট্রাই করতে হবে, যদি গত বছরের এক্সপোর্ট ধরতে চাই। তার ওপরে গত বছর থেকে বাড়তি করতে গেলে চারের থেকে বেশি করতে হবে। যেটা বেসিক্যালি এখন কিছুটা ডিফিকাল্ট বলেই মনে হচ্ছে—বর্তমান প্রেক্ষাপটে এক মাসের মধ্যে চার বিলিয়ন এই গ্রোথটা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



