সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি ফসিল’ নামের একটি বিশাল জাহাজ। পানামার পতাকাবাহী এই অয়েল ট্যাংকারটি গতকাল শুক্রবার (২২ মে) ভোরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরুর পর এটি বাংলাদেশে অপরিশোধিত তেলের দ্বিতীয় চালান।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ট্যাংকারটি শুক্রবার ভোরে নোঙর করেছে। জাহাজটি থেকে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে লাইটারিং প্রক্রিয়ার (ছোট জাহাজে খালাস) মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে সমান পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনোমিয়া’ নামের আরেকটি জাহাজ কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছিল। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার দীর্ঘ দুই মাস পর বিকল্প পথ ব্যবহার করে সেই চালানটি দেশে আনা হয়। তারও আগে, যুদ্ধ শুরুর প্রাক্কালে গত ২৮ ফেব্রুয়ারি এক লাখ টন ক্রুড অয়েল আমদানি করা হয়েছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে এই অপরিশোধিত তেল পরিশোধন করা হবে। ক্রুড অয়েল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এখান থেকে এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েলসহ মোট ১৬ ধরনের জ্বালানি পণ্য উৎপাদিত হয়।
জ্বালানি আমদানির ধারা সচল রাখতে বিপিসির তোড়জোড় অব্যাহত রয়েছে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের ইয়ানবু বন্দরে আরেকটি বড় জাহাজে বিপিসির জন্য আরও প্রায় এক লাখ টন ক্রুড অয়েল লোড করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে, যা আগামী ৩০ মে বাংলাদেশের উদ্দেশে রওনা হতে পারে।
উল্লেখ্য, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বছরে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করতে পারে, যা দেশের বার্ষিক ৭২ লাখ টন চাহিদার প্রায় ২০ শতাংশ। বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশকে মোট চাহিদার প্রায় ৯২ শতাংশ জ্বালানি তেলই বিদেশ থেকে আমদানি করতে হয়। বাকি মাত্র ৮ শতাংশ তেল দেশীয় উৎস এবং কনডেনসেট প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



