
এই প্রতিবেদন লেখার সময়, রবিবার চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের পঞ্চম দিনের শেষ সেশনের খেলা শেষ হয়েছে। ৩৯৫ রানের লক্ষ্যে নামা ক্যারিবিয়ানরা ১০০ ওভার শেষে ৪ উইকেটে তুলেছে ২৮৩। ডানহাতি বোনার ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে এগোচ্ছিলেন তিন অঙ্কের দিকে। শেষ সেশনের প্রথম ওভারে তাকে ফিরিয়ে বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে জুটির সমাপ্তি টেনেছেন তাইজুল। ছক্কা হজমের পরের বলেই এলবিডব্লিউতে বোনারকে কুপোকাত করেন এই বাঁহাতি স্পিনার। তার সংগ্রহ ২৪৫ বলে ৮৬ রান।
বাঁহাতি মায়ার্স ইতোমধ্যে পেয়ে গেছেন অভিষেক টেস্টে সেঞ্চুরির বিরল স্বাদ। তিনি খেলছেন ২২২ বলে ১২১ রান নিয়ে। বোনারের সঙ্গে তার চতুর্থ উইকেট জুটিতে আসে ৪৪২ বলে ২১৬ রান।
টেস্টের চতুর্থ ইনিংসে দুই অভিষিক্ত ক্রিকেটারের সর্বোচ্চ জুটি ছিল ১৩৪ রানের। ২০০৩ সালে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও ইয়াসির হামিদ বাংলাদেশের বিপক্ষেই করাচিতে রেকর্ড গড়েছিলেন। ১৮ বছর পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওই কীর্তি ভেঙে নিজেদের করে নিয়েছেন বোনার ও মায়ার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



