পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পাবনা-৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গেছেন একই আসনের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার বিকালে পাবনা শহরের এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ইকবাল হোসাইনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইকবাল হোসাইনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার নিউমোনিয়া শনাক্ত হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান।
নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে পাবনায় ফেরেন শিমুল বিশ্বাস। সেখান থেকে সরাসরি হাসপাতালে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর খোঁজখবর নেন তিনি। উপস্থিত নেতাকর্মীদের নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
ইকবাল হোসাইন বলেন, ‘আজ বিকেলে আমাকে দেখতে এসেছেন প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। জয়-পরাজয় থাকবেই। আমরা সবাই মিলে পাবনাকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্তভাবে গড়ে তুলব।’ অসুস্থতার সময়ে খোঁজখবর নেওয়ায় তিনি কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুনঃ
এ বিষয়ে শিমুল বিশ্বাস বলেন, ‘ইকবাল হোসাইনের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এসেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা সবাই পাবনার মানুষ। মিলেমিশে একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই।’
উল্লেখ্য, পাবনা-৫ আসনে ধানের শীষ প্রতীকে শামসুর রহমান শিমুল বিশ্বাস ১ লাখ ৮১ হাজার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসাইন পান ১ লাখ ৬৩ হাজার ১৮৬ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


