মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খান (৩৯) বরিশাল নগরের নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন। এতে তিনি আহত হন। শনিবার সন্ধ্যার দিকে নগরের সদর রোডের বাসভবনে এ ঘটনা ঘটে।

আহত নাদিমা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। রবিবার (১৯ জুলাই) ভোরে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় তার চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি তানজিয়া চাঁদনি (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি নাদিমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই দাবিতে রাজি না হওয়ায় মাদকসেবী ও মাদক বিক্রেতাদের একটি সংঘবদ্ধ দল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে মারধর করে তাকে আহত করেন।
নাদিমা মোহাম্মদী খান জানিয়েছেন, শনিবার তিনি ও তার চাচাতো বোন ঢাকা থেকে বরিশালের পৈতৃক বাড়িতে আসেন। কয়েকজন যুবক বাড়ির ভেতরে আবর্জনা ফেলে রাখার পাশাপাশি মাদক সেবন ও বেচাবিক্রি করছিলেন। এর প্রতিবাদ করলে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
নাদিমা বলেন, ‘আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে এবং ভবিষ্যতে যাতে আর বাড়িতে না আসি, সেই উদ্দেশ্যেই আমার চাচা নজরুল ইসলাম খানের প্রশ্রয় ও উসকানিতে এই হামলা চালানো হয়েছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অভিযোগের বিষয়ে জানতে নজরুল ইসলাম খানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



