সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ, পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত গেজেটও প্রকাশ হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।
সহায়তাকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়), সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ, প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), চিফ অব জেনারেল স্টাফ (সেনাসদর), পুলিশ মহাপরিদর্শক (বাংলাদেশ পুলিশ), মহাপরিচালক (বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি), মহাপরিচালক (আনসার ও ভিডিপি), মহাপরিচালক (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআই), মহাপরিচালক (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই), মহাপরিচালক (বাংলাদেশ কোস্ট গার্ড), মহাপরিচালক (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) এবং মহাপরিচালক (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব)।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং পরিস্থিতির অবনতি হলে তার কারণ চিহ্নিত করে তা দূরীকরণে সুপারিশ প্রদান করবে। পাশাপাশি হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনজীবন ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং সৃষ্ট দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার করণীয় বিষয়ে পরামর্শ দেবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে এবং এ সংক্রান্ত ২০ আগস্ট ২০২৪ তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


