আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে মোতায়েনকৃত সেনাদের প্রত্যাহার শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার (০১ মে) থেকে দেশটি থেকে মার্কিন সেনারা ফিরতে শুরু করেছেন।
আফগানিস্তানে অবস্থানরত মার্কিন কর্মকর্তারা আল জাজিরাকে জানায়, এরই মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। ১ মে সেটিরই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এটিকে গুরুত্ব দিচ্ছে। কারণ, ২০২০ সালে তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছিল। তবে সেনা প্রত্যাহার শুরুর আগে শুক্রবার (৩০ এপ্রিল) একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে আফগানিস্তানে অবশিষ্ট আড়াই হাজার মার্কিন সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেন । ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে সেনা প্রত্যাহার শেষ হবে বলেও জানান তিনি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল কায়েদার ভয়াবহ হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন বাহিনী। পাঠানো হয় হাজার হাজার সেনা। দীর্ঘ ১৯ বছর পর পরিস্থিতি অনেকটা পরিবর্তন হওয়ায় এইমধ্যে কয়েকধাপে দেশটি থেকে সেনা সরিয়ে নিয়েছে মার্কিন প্রশাসন। বাকি আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


