
জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী আগা খান মিন্টু ও অ্যাডভোকেটের আবুল হাসেম খান। দুই রিটার্নিং কর্মকর্তা আগামীকাল শুক্রবার গণবিজ্ঞপ্তি করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
ঢাকা-১৪ উপনির্বাচনে আগা খান মিন্টুর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। কুমিল্লা-৫ উপনির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেটের আবুল হাসেম খানের বিষয়টিও সেখানকার রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এদিকে, বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চার প্রার্থী। আগামী ২৮ জুলাই আসনটিতে ভোট (ইভিএম) অনুষ্ঠিত হবে। সিলেট-৩ উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র শফি আহমদ চৌধুরী রয়েছেন লড়াইয়ে। আগামীকাল শুক্রবার প্রতীক বরাদ্দ পেলেও ৬ জুলাই থেকে প্রচারণা করতে পারবেন প্রার্থীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


