Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের অবহেলার কারণে আইসোলেশন ইউনিটে আগুনের ঘটনা ঘটে। এই অভিযোগে রাজধানীর গুলশান থানায় একটি মামলা করেছেন একজন নিহতের স্বজন।

বুধবার রাতে মামলাটি করা হয় বলে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

গুলশান থানার ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, মামলাটি করেছেন নিহত অ্যান্থনি ভের্নন পলের মেয়ের জামাই রোনাল্ড মিকি গোমেজ। মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সে সময় কর্মরত ডাক্তার-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

ওসি কামরুজ্জামান বলেন, আগুনের পেছনে ইউনাইটেড হাসপাতালের অবহেলাকে দোষারোপ করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। পুলিশ মামলার তদন্ত করছে।

এদিকে মামলার বাদী রোনাল্ড মিকি গোমেজ বলেন, আমি তাদের অবহেলাগুলো তুলে ধরে থানায় একটি অভিযোগ দেই। পরে সেটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে (মূল ভবনের বাইরে স্থাপিত) আগুন লাগে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- রিয়াজুল আলম (৪৫), খােদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মাে. মনির হােসেন (৭৫) ও মাে. মাহাবুব (৫০)। তারা সবাই হাসপাতালের আইসােলেশন ইউনিটে করােনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

এ ঘটনায় এক প্রেস বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল সংলগ্ন তবে মূল ভবনের বাইরের আইসােলেশন ইউনিটে সম্ভবত শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড সৃষ্টি হয় এবং কয়েক মিনিটের মধ্যে আগুন আইসােলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে। সেই সময় আবহাওয়া খারাপ ছিল ও বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসের তীব্রতায় আগুন প্রচণ্ড দ্রুততার সাথে ছড়িয়ে পড়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে এখানে ভর্তি পাঁচজন রােগীকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি এবং ভেতরে থাকা এই পাঁচজন রােগী মৃত্যুবরণ করেন। তারা করােনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

এতে আরও বলা হয়, দমকল বাহিনীকে তাৎক্ষণিক খবর দেয়া হয়। হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ও দমকল বাহিনীর সহায়তায় ১৫-২০ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দমকল বাহিনী তদন্ত করছে এবং ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ এ সম্পর্কে তাদের পূর্ণ সহায়তা প্রদান করছে।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সদরদফতর এ ঘটনার তদন্তের জন্য উপ-পরিচালক (ঢাকা) দেবাশিস বর্ধনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। পাশাপাশি একটি অপমৃত্যুর মামলা করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।- জাগো নিউজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.