আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির সামনে মাথা না নুইয়ে পাল্টা হুমকি দিল ইরান। ট্রাম্পকে উদ্দেশ করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানকে ভয় দেখাবেন না, ভয় দেখিয়ে লাভ হবে না।
শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানি হত্যার প্রতিশোধ নিলে ইরানের গুরুত্বপূর্ণ ৫২ জায়গায় আঘাত হানা হবে বলে সম্প্রতি হুঁশিয়ারি দেন ট্রাম্প। তার তার জবাবে হাসান রুহানি টুইটবার্তায় বলেন, ‘ইরানকে কখনও ভয় দেখাবেন না’।
সোমবার জেনারেল সোলেমানির শেষকৃত্যে আবেগরুদ্ধ হয়ে কেঁদে ফেলেন ইরানি প্রেসিডেন্ট।
তবে রুহানির চেয়েও চড়া সুর শোনা গিয়েছে কুদস ফোর্সের প্রধান হিসেবে সোলায়মানির স্থলে নিয়োগ পাওয়া ইসমাইল কায়ানির কণ্ঠে। তিনি বলেন, ‘আল্লাহর সাহায্য নিয়ে শহিদ সোলায়মানির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে ইরান। সোলায়মানির শহিদ হওয়ার বদলা নিতে আমেরিকাকে এই অঞ্চল থেকে হঠিয়ে দেবে’।
ইরান বহু দিন ধরেই লাগোয়া দেশগুলি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবিতে সরব। ইরানের সেই দাবির পালে আরও হাওয়া লেগেছে রবিবার, বাগদাদ থেকে মার্কিন সেনা সরানোর জন্য ইরাকি পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হওয়ায়। ইরাকি পার্লামেন্টে গৃহীত সেই প্রস্তাব দু’দেশকেই মেনে চলতে হবে বলে বাগদাদে মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছেন ইরাকের তদারকি প্রধানমন্ত্রী আবদেল আবদুল মাহদি। ইরাকে এই মুহূর্তে ৫ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


