Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ কমাতে কঠোর লকডাউনের মধ্যেও দেশে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। এরমধ্যেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল আজহা ২১ জুলাই পালিত হবে।করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী ঈদুল আজহার সময়ও বিধিনিষেধ বহাল থাকতে পারে।

তবে বিধিনিষেধের মেয়াদ বাড়লেও কোরবানির পশু কেনাবেচা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য কিছুটা শিথিল করা নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশুর হাটে আসার জন্য সীমিত পরিসরে যান চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এছাড়া ঈদকে সামনে রেখে খুলে দেওয়া হতে পারে বিপণিবিতানও। আবার সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ঈদে সবাইকে কর্মস্থলে রাখারও চিন্তা-ভাবনা করছে সরকার।

আজ রবিবার (১১ জুলাই) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, আগামী ১৪ জুলাইয়ের পর চলমান বিধি-নিষেধ ফের বাড়তে পারে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এ বিষয়ে সোমবার (১২ জুলাই) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হতে পারেও বলে জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ ১৪ দিনের সুফল আমাদের ধরে রাখতে হবে। তবে, যে পরিমাণ রোগী বাড়ছে তাতে বিধি-নিষেধ এ মুহূর্তে তুলে নেওয়া হয়তো সম্ভব হবে না। তবে আগামী দুইদিনের পরিস্থিতি দেখে বোঝা যাবে। ঈদ এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে কিছুটা শিথিলতা থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে গত ৫ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। একদিনে করোনায় এত মৃত্যু ও শনাক্ত এর আগে দেখেনি বাংলাদেশ।

এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে চলমান বিধিনিষেধ সীমিত আকারে শিথিল হলে গণপরিবহন সীমিত আকারেই চলবে। আর যদি পুরোপুরি উঠে যায়, পরিবহনও পুরোপুরিই চলবে। রবিবার (১১ জুলাই) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তবে নৌপরিবহন প্রতিমন্ত্রী মনে করেন, ‘বিধিনিষেধ চলমান থাকলে গণপরিবহন চলাচলের কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে পরিস্থিতি আছে, সেখানে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মতো অবস্থায় আমরা পৌঁছাতে পারিনি।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শে চলমান বিধিনিষেধ আবারও বাড়তে পারে। তার মতে, ‘বেঁচে থাকলে জীবনে ঈদ অনেকবার আসবে। আমাদের এই অবস্থা থেকে বের হতেই বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেটি সবার মানা উচিত।’

প্রতিমন্ত্রীর মতে, ‘আগামী ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা রয়েছে। আমাদের টেকনিক্যাল কমিটিতে (জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি) যারা আছেন, তাদের পরামর্শে সরকার যদি মনে করে বিধিনিষেধ এগিয়ে নেওয়া দরকার, সেটিও হতে পারে। সবকিছুই এখন পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

খালিদ মাহমুদ চৌধুরী যোগ করেন, ‘সব নাগরিকের সচেতন হতে হবে। আমরা জানি, ঘরে থাকা কঠিন। যুদ্ধক্ষেত্রেও মানুষ ঘরে থাকতে চায় না। কিন্তু এটাও একটা যুদ্ধ। এটাকে না মানায় পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে। গ্রামে অনেকে করোনা টেস্ট করছে না, অনেকে মারা যাচ্ছেন। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চললে, আমরা তার সুফল পাবো।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.