ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : লার্ভিসাইডিংয়ের কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে সরকারের সম্পদ নষ্ট করার দায়ে এবার চাকুরিচ্যুত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশককর্মী রাজন দাস। সে অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত ছিল। এছাড়া মশক নিধন সুপারভাইজার মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের এ তথ্য নিশ্চিত করেন।

মো. আবু নাসের জানান, এ ঘটনায় মশক নিধন কার্যক্রম সুপারভাইজিংয়ের দায়িত্ব পালনে অবহেলার জন্য অঞ্চল-২ এর সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারি চাকুরি বিধিমালা/২০১৯ এর ৪৯ উপ-বিধি মোতাবেক মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সিটি করপোরেশনের সচিব বরাবর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

গত ৭ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন লালবাগের নবাবগঞ্জ পার্কে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ‘বছরব্যাপী সমন্বিত মশক নিধন’ কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় লার্ভিসাইডিং কার্যক্রম সুপারভাইজ করতে মনিরুজ্জামানকে নির্দেশনা প্রদান করলেও তিনি সে সময় অনুপস্থিত ছিলেন এবং তার অনুপস্থিতির সুযোগে মশক শ্রমিক রাজন দাস লার্ভিসাইডিংয়ের জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে করপোরেশনের সম্পদ নষ্ট করেন। পরবর্তী সময়ে এ বিষয়ে মেয়র তাপসের কাছে অভিযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে রাজনকে কর্মচ্যুত ও মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন।

উল্লেখ্য, ডিএসসিসির মেয়র হিসেবে শেখ তাপস দায়িত্ব নেওয়ার পর মশককর্মী রাজন ছাড়াও এখন পর্যন্ত দুজন শীর্ষ কর্মকর্তাসহ তিনজনকে চাকুরিচ্যুত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.