সারাদেশের ওয়াক্ফ এস্টেটসমূহ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের সহযোগিতা এবং মোতাওয়াল্লিদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর মগবাজারে ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে ওয়াক্ফ প্রশাসক (সচিব) সাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে মোতাওয়াল্লি সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠকে মোতাওয়াল্লি সমিতির সভাপতি ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, মহাসচিব অধ্যক্ষ ড. আলমগীর কবীর পাটোয়ারী, সহ-সভাপতি ইয়ার মোহাম্মদ বেলাল এবং বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ দেশের বিভিন্ন ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লীরা উপস্থিত ছিলেন। তারা ওয়াক্ফ এস্টেট পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন।
ওয়াক্ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াক্ফ এস্টেট পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে তা খতিয়ে দেখা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ওয়াক্ফ সম্পর্কে অনেকের সুস্পষ্ট ধারণা না থাকায় নানা ধরনের বিশৃঙ্খলা ও বিরোধ সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, পাবলিক প্রপার্টি ও ওয়াক্ফ এস্টেট পরিচালনার জন্য পৃথক আইন রয়েছে এবং ওয়াক্ফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি হওয়ায় বিশেষ আইনের আওতায় এসব এস্টেট পরিচালিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দিল ব্রাজিল
তিনি আরও বলেন, আইন অনুযায়ী সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি ছাড়া অন্য কারও অভিযোগ গ্রহণযোগ্য নয়। কিন্তু অনেক ক্ষেত্রে বহিরাগতরা ব্যক্তিস্বার্থে ওয়াক্ফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ও মামলা করছেন এবং সেসব অভিযোগ আমলে নেওয়ায় ওয়াক্ফ এস্টেট পরিচালনায় জটিলতা ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



