
আজ বৃহস্পতিবার সকালের দিকে “ভারত থেকে আসা কলকাতা-খুলনাগামী বন্ধন এক্সপ্রেস ট্রেনে বাংলাদেশি এক পাসপোর্টযাত্রী ‘করোনাভাইরাসে’ শনাক্ত হয়েছেন”- নিজ ফেসবুক পেজে এমন স্ট্যাটাস দেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।
স্ট্যাটাসটি দেয়ার পরপরই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ‘করোনাভাইরাস’ নিয়ে কোনো ধরনের গুজব ছড়ানোসহ আক্রান্ত ব্যক্তির ছবি কিংবা পরিচয় প্রকাশে বিধিনিষেধ আরোপ থাকলেও একটি দায়িত্বপূর্ণ অবস্থানে থেকে এ ধরনের পোস্ট কীভাবে দেয়া হলো— এ বিষয়ে কাস্টমম কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর বক্তব্য, ‘ওটা তো ডিলিট করে দিয়েছি। মূল পোস্ট ডিলিট হয়ে গেছে। মূলত সচেতনতা বাড়াতে এমন পোস্ট দেয়া।’
সেই পোস্টে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের সভাপতি আঙ্গুর নাহার মন্টিসহ বেশকিছু বিশিষ্ট ব্যক্তি সমালোচনামূলক কমেন্ট করেন।
একইসঙ্গে সেই পোস্টে অনেকেই কমেন্টে তাকে প্রশ্ন করেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে কিভাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটি প্রচার করতে পারলেন।
আরেকজন লিখেছেন, একজন রোগীর পরিচয় প্রকাশ করা কোন ধরনের শিষ্টাচার ? আপনার মত এতো সিনিয়র এবং সচেতন কর্মকর্তা থেকে এইসব সস্থা পোস্ট কাম্য নয়!
একজন লিখেছেন, একজন সরকারি কর্মকর্তা কোনো নাগরিকের ছবি ও পাসপোর্টের ছবি প্রকাশ করে তার নাগরিক তথ্য সুরক্ষা অধিকার ক্ষুণ্ণ করেছেন। এমন অথর্ব কর্মকর্তা দিয়ে দেশ কিভাবে এগোবে!!!
এমন প্রশ্ন আর সমালোচনার মুখে পড়ে অবশেষে সেই পোস্ট তিনি পেইজ থেকে সরিয়ে ফেলেন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ।
করোনাভাইরাসে বুধবার পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২১১৮ জনে গিয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এশিয়ান সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস। এছাড়া বুধবার ইরানে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মধ্যপ্রচ্যের কোনও দেশে এই ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও মিশরে করোনা রোগী সনাক্ত করা হয়। তবে করোনাভাইরাসের কেন্দ্রস্থল উহান প্রদেশে করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমে আসছে বলে দাবি করেছে চীনা কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



