
ডিপিএলের জন্য বিসিবির পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের ও দর্শকদের সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শকদের সতর্ক করলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও।
রোববার (১৫ মার্চ) ডিপিএলের উদ্বোধনী ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে আবাহনীকে জিতিয়েছেন মুশফিক (১২৭)। ম্যাচের পর এক প্রশ্নের জবাবে দর্শকদের সতর্কতার পরামর্শ দেন সাবেক অধিনায়ক।
ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘এটা (করোনাভাইরাস) নিয়ে সবাই আসলে শঙ্কিত, আমাদের যতটুকু সম্ভব সতর্ক থাকতে হবে। এছাড়া নামাজ পড়ে দোয়া করা ছাড়া তো উপায় নেই। আমাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে থুতু লাগানো যাবে না, হ্যান্ডশেক না করা, আমরা যখন একসাথে হব যাতে একটু দূরে দূরে থাকি। ড্রিংকস ব্রেকে হেক্সিসল ছিল, স্যানিটাইজার ছিল। সবই ছিল। পানির বোতলও সবাই যার যারটা সে সে খাচ্ছি।’
অন্যদিকে সকালে অনুশীলনের সময় মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় কম বেশি সবাই এটা সম্পর্কে সচেতন। কারণ প্রতিষেধক তো এই মুহূর্তে সেভাবে নেই, যতটুকু আমরা নিজেদের সাবধানে রাখতে পারি। হাত ধোয়ার অভ্যাস, ফ্রেশ থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক গুরুত্বপূর্ণ। এসব খেয়াল রাখলে সবার জন্যই ভালো। যেহেতু ক্রিকেট এরিনাতে সবাই কম বেশি একজন আরেকজনকে চিনি, তো সবাইকে যদি এই বার্তাটা দিতে পারি, একজন আরেকজনের ব্যাপারে সতর্ক হই, সচেতন হই তাহলে সবার জন্য ভালো।’
এই করোনা ভাইরাসের কারেনই এবারের ডিপিএলের ম্যাচগুলো চট্টগ্রাম আর কক্সবাজারের পরিবর্তে ঢাকার মধ্যে আনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



