Advertisement
চৌধুরী আকবর হোসেন : করোনা পজিটিভ সনদ থাকার পরও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কাতারের দোহা থেকে যাত্রী নিয়ে এসেছে তিনটি এয়ারলাইন্স। এগুলো হলো সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাই দুবাই। ১৫ আগস্ট থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭ জন করোনা পজিটিভ সনদধারী যাত্রী ঢাকায় নিয়ে এসেছে এয়ারলাইন্সগুলো। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারির কারণে চীনে ছাড়া দেশে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সব আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়। ফ্লাইট চালুর আগে স্বাস্থ্যবিধি জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে বিশেষ ফ্লাইটের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের বাধ্যবাধকতা নেই। গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশে এসেছেন ২ হাজার ৭৪৬ জন যাত্রী। এ পর্যন্ত মোট দেশে এসেছেন ৫ লাখ ১৫ হাজার ২৩২ জন।

বিমানবন্দর সূত্র জানায়, ১৫ আগস্ট থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭ জন করোনা পজিটিভ সনদধারী যাত্রী ঢাকায় নিয়ে এসেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাই দুবাই। এসব যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৭ জনের মধ্যে ৪ জন যাত্রী এসেছেন সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটে। দুবাই থেকে এসেছেন একজন, কাতার থেকে একজন এবং বাকি একজন কোন দেশ থেকে এসেছেন তা জানা যায়নি।

সূত্র জানায়, বর্তমানে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে। তবে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি-৩৮০৪ ফ্লাইটে রিয়াদ থেকে আসা একজন করোনা পজিটিভ যাত্রী পাওয়া যায়। ৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৫০ ফ্লাইটে সৌদি আরব থেকে আসা করোনা পজিটিভ যাত্রী পাওয়া যায়। এছাড়া সৌদি আরব থেকে ২৬ আগস্ট সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটে একজন, ২২ আগস্ট এসভি-৩৮০৮ ফ্লাইটে একজন করোনা পজিটিভ যাত্রী আসেন। ২০ আগস্ট দুবাই থেকে ফ্লাইট দুবাইয়ের এফজেড-৫৮৩-তে একজন এবং ১৬ আগস্ট বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বিজি-৪১২৬ ফ্লাইটে দোহা থেকে একজন করোনা পজিটিভ যাত্রী আসেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘করোনা পজিটিভ সনদ থাকার পরও যাত্রী ঢাকায় এসেছে কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইটে। এসব যাত্রীকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এ বিষয়ে ব্যবস্থা নিতে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছে।’

সূত্র জানায়, একাধিক ফ্লাইটে একাধিক পজিটিভ যাত্রী আনার ঘটনায় বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ বিমানবন্দর কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর বিমানবন্দরের পরিচালক জরুরি বৈঠক ডেকে এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের সতর্ক করেন।

এ প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, ‘সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে সতর্ক করা হয়েছে। ভবিষতে আবারও একই ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।’

এয়ারলাইন্সগুলো জানিয়েছে, বাংলাদেশিদের দেশে ফিরতে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক না হওয়ায় অনেক যাত্রী তথ্য গোপন করে চলে আসছেন। সূত্র : বাংলা ট্রিবিউন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.