
রেজাউল করিম চৌধুরী বলেন, বিগত দু’বছরের ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনিসিয়াম চত্বরে ২৯ মার্চ থেকে একক বইমেলা আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ছিল। এ সম্পর্কিত সব ধরণের পদক্ষেপ ও কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে সংক্রমণ ও মৃত্যুহার ঊর্ধ্বমুখী এবং দিন দিন পরিস্থিতি অবনতিশীল হওয়ার প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় বইমেলার মতো বড় ধরনের আয়োজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেননা উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত স্বাস্থ্যবিধি, সরকারি নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো লালন-পালন শতভাগ নিশ্চিত করা দুঃসাধ্য এবং এক্ষেত্রে তিল পরিমাণ বিচ্যুতি প্রকৃত অর্থেই জনস্বাস্থ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এ অবস্থায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের প্রস্তুতি থাকার পরেও বইমেলার মতো আয়োজনের ঝুঁকিতে বিবেক-বুদ্ধি-মানসিকতা সায় দেয় না। তাই সর্বসম্মত সিদ্ধান্তে বইমেলা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়।
তিনি আরও বলেন, আমরা বইমেলা অবশ্যই করবো এবং পরিস্থিতি সহায়ক থাকলে মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয়কে সামনে রেখে আগামী ৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী বঙ্গবন্ধুকে নিবেদিত বইমেলা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বইমেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড. নেছার উদ্দিন আহমেদ, নাজমুল হক ডিউক, রুমকি সেনগুপ্ত, কমিটির যুগ্ম-আহবায়ক মো. জামাল উদ্দীন, সদস্য সচিব ও চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



