আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি তরেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সরকারি বা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে কোনো প্রকার প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশ নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (১৩ মে) এ সংক্রান্ত একটি অফিস নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত কোনও ধরনের প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহীতারা কিংবা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনও প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপেও অংশ নেওয়া যাবে না।
তবে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর অনুমতি সাপেক্ষে দেশে আয়োজিত কোনও সেমিনার বা আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনও ধরনের সম্মানী নেওয়া যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত সৃষ্টি হতে পারে- এমন সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে সম্মানীর বিনিময়ে অংশ নেওয়া থেকে কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে হবে।
উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেও কেন্দ্রীয় ব্যাংক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


